
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেয়াললিখন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীরা হামলা চালায়। অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, সকালে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং তাদের নেতার ওপর হামলা করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।