
নেত্রকোণায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন নারী মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, দুটি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন ও নগদ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তারা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
রবিবার দিবাগত গভীর রাতে এসআই মোশাররফ ও এসআই তৌফিকের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মাদক ও অন্যান্য আলামতসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।