
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বনপাড়া বাজারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকরা তাদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিসমূহ তুলে ধরেন।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাঁতি দলের সভাপতি আব্দুস সালাম, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, তরুণ নেতা জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় শ্রমিকরা।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয়। পরবর্তীতে ১৮৮৯ সালে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়াও বড়াইগ্রাম উপজেলা তাঁতি দল, সড়ক ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক উন্নয়ন ফেডারেশন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।