
দীর্ঘ বিরতির পর আবারও জমে উঠতে যাচ্ছে বরিশালের ব্যবসা-বাণিজ্য অঙ্গন। বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১০ মে থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
মেলাটি আয়োজন করছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে বরিশাল জেলা প্রশাসনের অনুমোদন পাওয়া গেছে। জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমনের সম্মতিতে এবার নতুন আঙ্গিক ও নতুন ভেন্যুতে মেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, নগরীর পরশ সাগর মাঠে বসবে এবারের এই বাণিজ্য মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
চেম্বার সূত্র জানায়, দীর্ঘদিন আগে সর্বশেষ এ ধরনের মেলা অনুষ্ঠিত হলেও নানা অনিয়মের অভিযোগে তা প্রত্যাশিত সফলতা পায়নি। তবে এবার পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়েদুল হক চাঁন জানান, “সবকিছু ঠিক থাকলে ১০ মে থেকেই মেলা শুরু হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।”
তিনি আরও বলেন, মেলায় ব্যবসায়িক স্টলের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকবে, যা পরিবার নিয়ে আগতদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করবে। মেলার পরিবেশ সুরক্ষিত রাখতে চাঁদাবাজি, জুয়া বা অশ্লীল কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছে, দীর্ঘদিন পর এই মেলার আয়োজন বরিশালের অর্থনীতি ও স্থানীয় ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং দক্ষিণাঞ্চলের একটি বড় বাণিজ্যিক মিলনমেলায় পরিণত হবে।