বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে যৌনউত্তেজক সিরাপ সেবনের পর সুজন দালাল নামে দুই সন্তানের এক জনকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সুজন দালাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি বালুর বাল্কহেড শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে বন্ধু মারুফ আকনকে সঙ্গে নিয়ে নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল “নছিব”-এ ওঠেন সুজন। পরে এক নারীর সঙ্গে সময় কাটানোর জন্য হোটেলের একটি কক্ষে প্রবেশ করেন তিনি। কিছু সময় পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বন্ধু মারুফকে ফোন দেন সুজন। পরে তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌনউত্তেজক সিরাপ সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ঘটনার পর হোটেল ম্যানেজার জসীম, বন্ধু মারুফ আকন এবং লিমা নামে এক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর আগেই সুজন দালালের মৃত্যু হয়েছিল। এখন ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে আছে সবাই।