
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ছনুয়া ইউনিয়নের কাদেরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক। সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিট অফিসার গোলাম সারোয়ার।
সভায় আরও উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল আমীন ছানুবী, সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ আব্দুর রহিম ছানুবী, ছনুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দীন মিজান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।
বিট পুলিশিং সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, কিশোর অপরাধ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
সভায় মাদকবিরোধী সচেতনতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
ওসি মোঃ রবিউল হক বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। যুব সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে শান্তিপূর্ণ সমাজ গঠন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।