
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যদের ওপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে, স্থানীয় সন্ত্রাসী সফিক ওরফে ‘চোরা সফিক’ ও তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তিন সদস্যকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) বিকেলে র্যাব-৯, সিপিসি-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যাওয়ার পথে নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাদের গতিরোধ করে। এক পর্যায়ে র্যাব সদস্যদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। আহতদের মধ্যে দুজনের হাতে গুরুতর আঘাত এবং একজনের মাথায় আঘাতের কথা জানিয়েছে চিকিৎসকরা।
র্যাব-৯ এর কর্মকর্তারা জানান, অভিযানে থাকা সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও হামলার শিকার হন। খবর পেয়ে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সদস্যদের উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, ‘চোরা সফিক’ নামে পরিচিত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও দখলবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাব জানিয়েছে, হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নবীনগর থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।