
ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের দায়ে একটি রিসাইকেলিং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির যন্ত্রাংশ ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) উপজেলার ভারারিয়া ইউনিয়নের মারুমঢালী এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ অনুমোদন ছাড়াই ‘পাইরোলাইসিস’ পদ্ধতিতে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে অপরিশোধিত তেল উৎপাদন করছিল। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বায়ুদূষণের অন্যতম কারণ।
অভিযানে কারখানার ভ্যাকুয়াম সিস্টেম ভেঙে ফেলা হয় এবং তাৎক্ষণিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় ধামরাই থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার জানান, পরিবেশবিধি অমান্য করে পরিচালিত অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযান চলাকালে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।