
নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে পরিচালিত এ অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি চাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রো-২২-৩১২০ নম্বরের একটি ট্রাক আটক করা হয়।
প্রাথমিক তদন্তে ট্রাক থেকে মোট ৬৬৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০ ও ৩০ কেজি ওজনের বস্তা রয়েছে। প্রশাসনের দাবি, জব্দ করা চালের পরিমাণ প্রায় ২০ টন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া চালের চালানের সঙ্গে নেত্রকোনার বারহাট্টার বাউসী রাইস মিল ও তালুকদার রাইস মিলের নাম উঠে এসেছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় ট্রাকচালক শামীম (২৮) এবং তার সহযোগী শাহীন মিয়া ও মাহমুদুল আলমের নাম পাওয়া গেছে। বর্তমানে চালবোঝাই ট্রাকটি প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল পরিবহন ও সংরক্ষণ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। সরকারি খাদ্য সহায়তার চাল পাচারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কর্মকর্তা অসীম কুমারের নেতৃত্বে একটি বিশেষ দল বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।