নওগাঁর মান্দা উপজেলা-য় সাপের কামড়ে রাবেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ শিমলা পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম উপজেলার কাঞ্চনপুর গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তিন দিন আগে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভাইয়ের বাড়িতে ধান কাটার শ্রমিকদের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন রাবেয়া বেগম। এ সময় সরিষার খড়ের পালা থেকে জ্বালানি সংগ্রহ করতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি পুনরায় খড় নিতে গেলে সাপটি আবারও তার হাতে দংশন করে। এতে তার হাত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।