
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ অভিযোগ করেছেন, জেলার প্রশাসনের একটি অংশ সিন্ডিকেট ও ভাগ-বাটোয়ারা বজায় রাখতে গিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করছে না।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।
ড. আতিক মুজাহিদ বলেন, “কেউ কেউ প্রচার করছে এমপির বরাদ্দ ফেরত যাচ্ছে। অথচ আমি কুড়িগ্রামের উন্নয়নের জন্য সংসদে কথা বলছি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বরাদ্দ আনার চেষ্টা করছি। কিন্তু স্থানীয় কিছু কর্মকর্তা সহযোগিতা করছেন না।”
তিনি অভিযোগ করেন, সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার কয়েকজন কর্মকর্তা জনগণের প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হচ্ছেন এবং নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন।
এমপি আরও বলেন, “ভূমি কর্মকর্তা থেকে শুরু করে ইউএনও পর্যন্ত একটি গোষ্ঠী বিশেষ সুবিধা আদায়ে সক্রিয়। তারা একটি সিন্ডিকেট তৈরি করেছে। নিজেদের স্বার্থ রক্ষার কারণেই উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে।”
টিআর ও কাবিখা বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো জনগণের অর্থ, জনগণের কল্যাণেই ব্যবহার হবে। কোনো ধরনের অনিয়ম বা ভাগ-বাটোয়ারার সুযোগ দেওয়া হবে না। সিন্ডিকেটের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রকাশ করা হবে।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া ও ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।