
ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালামপুর-বালিয়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব বালিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বড় জেঠাইল এলাকায় বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহতের স্বজনরা জানান, মোবাইলে ফ্লেক্সিলোড করার জন্য তিনি বালিয়া স্ট্যান্ডে গিয়েছিলেন। ফেরার পথে বাড়ির কাছেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক পিকআপভ্যান ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।