
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে সরই ইউনিয়নের হাসনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। “সরই ইউনিয়ন প্রাথমিক শিক্ষক পরিবার”-এর ব্যানারে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক। সরই ইউনিয়ন প্রাথমিক শিক্ষক পরিবার ও ২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন (জানু মেম্বার)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সদস্য আহমদ আলী এবং ২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের আয়োজন সহায়ক।
অনুষ্ঠানে সরই ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও মেডেল তুলে দেন অতিথিরা।
এদিকে, ২নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীনের অর্থায়নে প্রায় আটশত শিক্ষার্থী ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রাণবন্ত আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।