
নেত্রকোনার মদন পৌরসভাসহ বিভিন্ন এলাকার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এনজিও ‘পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা’র বিরুদ্ধে। এ ঘটনায় আটজনকে আসামি করে নেত্রকোনা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থাটি গ্রাহকদের কাছ থেকে ডিপিএস, ফিক্সড ডিপোজিট ও দৈনিক সঞ্চয়ের নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী নিতীশ চন্দ্র রায় সদর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার কাছ থেকে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট এবং ১০ হাজার ৩০০ টাকা দৈনিক সঞ্চয়ের নামে গ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষে টাকা ফেরত চাইলে প্রতিষ্ঠানটি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।
বৃহস্পতিবার মদন, খালিয়াজুরী ও পৌর এলাকার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বাস রিজার্ভ করে নেত্রকোনা শহরের চকপাড়া এলাকায় অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে গিয়ে অফিস তালাবদ্ধ দেখতে পান। এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা অফিস ঘেরাও করে জড়িতদের গ্রেপ্তার ও আমানতের টাকা ফেরতের দাবি জানান।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।