
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় খাল পুনঃখনন কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। চাঁদার দাবিকৃত টাকা না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, চলমান খাল পুনঃখনন কর্মসূচির আওতায় গুইমারা উপজেলার তৈইমাতাই ও পিলাক খালের খনন কাজ সম্প্রতি উদ্বোধন করা হয়। উদ্বোধনের দুই দিনের মাথায় প্রকল্পে ব্যবহৃত কোটি টাকা মূল্যের একটি এস্কেভেটরে আগুন দেওয়া হয়। এতে যন্ত্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উন্নয়ন কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, প্রকল্প সংশ্লিষ্টদের কাছে কিছুদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় গভীর রাতে এস্কেভেটরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, পাহাড়ি অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটির হাফছড়ি এলাকার পোস্ট কমান্ডার দুর্জয় চাকমা বলেন, “এ ঘটনার সঙ্গে ইউপিডিএফের কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে আমাদের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
ঘটনার খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না এবং গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি সোহরাওয়ার্দী জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উন্নয়ন প্রকল্পে নিয়োজিত শ্রমিক ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।