
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ঐতিহ্যবাহী পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। শুক্রবার সকাল থেকেই তাহেরপুর কলেজ মাঠজুড়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়।
দূর-দূরান্ত থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু ও ছাগল নিয়ে হাটে আসেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু কিনতে ভিড় করেন সাধারণ ক্রেতারাও। মাঠজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয় ছোট, মাঝারি ও বড় আকারের গরু-ছাগল। বিশেষ করে দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশি।
হাটজুড়ে ছিল পশুর হাঁকডাক, দরদাম আর মানুষের ব্যস্ত উপস্থিতি। ক্রেতাদের অনেকে জানান, সুস্থ ও ভালো মানের পশু কেনার জন্যই তারা তাহেরপুরের ঐতিহ্যবাহী এই হাটে এসেছেন। অন্যদিকে বিক্রেতারাও ভালো দামের আশায় সকাল থেকেই অবস্থান নেন মাঠজুড়ে।
হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়। যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশু পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র যাচাই কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে কেনাবেচা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা।
স্থানীয়দের ধারণা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই তাহেরপুর কলেজ মাঠের এই পশুর হাটে মানুষের উপস্থিতি ও বেচাকেনা আরও বাড়বে।