June 2, 2026, 4:33 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক ও সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতবিরোধ চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। এর জের ধরেই বিএনপি কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বিএনপি কার্যালয়ে মুনতাজের ৮ থেকে ১০ জন কর্মী-সমর্থক অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।

স্থানীয়দের দাবি, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে আমার বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে আমাকে ও আমার লোকজনকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে মুনতাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার