সাতক্ষীরা ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কথিত ‘বাংলাদেশি’ অভিযোগ তুলে শত শত মানুষকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা চালানোর খবর ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় বেশ কিছু মানুষকে জড়ো করা হয়েছে। অভিযোগ উঠেছে, তাদের বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে বিএসএফ। বিষয়টি জানতে পেরে সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত সূত্র বলছে, গত কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তে অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিএসএফ সদস্যদের অতিরিক্ত উপস্থিতি এবং রাতের বেলায় চলাচল বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যেও নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ মনে করছেন, যেকোনো সময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা ও অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন সচেতন মহল।
তবে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আন্তর্জাতিক আইন ও দুই দেশের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করতে হবে। আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”
এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, অতীতেও বিভিন্ন সময়ে সীমান্তে এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবার মানুষের সংখ্যা বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে। অনেকে মনে করছেন, সীমান্তে মানবিক ও কূটনৈতিক সংকট এড়াতে দুই দেশের উচ্চ পর্যায়ে দ্রুত আলোচনা প্রয়োজন।
বিশ্লেষকরা বলছেন, সীমান্ত ইস্যুতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তিকে যথাযথ যাচাই-বাছাই ছাড়া সীমান্তে ঠেলে দেওয়া হলে তা দুই দেশের সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বর্তমানে কাকডাঙ্গা সীমান্তসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।