
জুরাছড়ি উপজেলা-এ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক অসহায় দিনমজুরের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৭ মে ২০২৬) উপজেলার ২নং বন যোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের লেবার পাড়া (আনন্দ পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে এলাকার বাসিন্দা শান্তি চাকমার বসতঘরটি ধসে পড়ে একেবারে মাটির সঙ্গে মিশে যায়। পেশায় দিনমজুর শান্তি চাকমার পক্ষে নতুন করে ঘর নির্মাণ করার মতো আর্থিক সামর্থ্য নেই।
বর্তমানে বর্ষা মৌসুম চলমান থাকায় স্ত্রী ও দুই ছোট সন্তানকে নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তিনি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারটি এখন প্রায় আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে।
স্থানীয়রা জানান, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় ছোট ছোট সন্তানদের নিয়ে অন্যের ঘরে বা খোলা আকাশের নিচে থাকা পরিবারটির জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। তারা দ্রুত সরকারি ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।