
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার ভোররাতে স্থানীয় নারীদের সহায়তায় একটি পরিত্যক্ত স্থানে সন্তান প্রসব করেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফ উল আরেফীন জানান, মা ও শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই নারী ভবঘুরে অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার মানসিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছিল।
এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন ও অসহায় নারীদের নিরাপত্তা, চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।