
দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর, উথরাইল ও আশ্করপুর ইউনিয়নে চলমান খাল সংস্কার কাজ পরিদর্শন করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় আংরাপুল ও নিমাই খালের সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে।
সম্প্রতি দিনব্যাপী পরিদর্শনে তিনি ৬ নম্বর আউলিয়াপুর, ৭ নম্বর উথরাইল ও ৯ নম্বর আশ্করপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের মান বজায় রাখার নির্দেশনা দেন।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, খালগুলো সংস্কার সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষকরা সেচ সুবিধা পাবেন। এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও ৯ নম্বর আশ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আহমেদ, ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলজার আলী, ইউপি সদস্য সারোয়ার জামান, মোজাম্মেল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন পর খাল সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা আশা করছেন, কাজ শেষ হলে কৃষিকাজে নতুন গতি আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আহমেদ জানান, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।