ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাে পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মো. বাবু মিয়া (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবু মিয়া কাশিনগর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল রাত আনুমানিক ২টা ২০ মিনিটে কাশিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে বাবু মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একটি মামলা রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে বিজয়নগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”





