
রাজশাহীর বাগমারা উপজেলায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলার তিন আসামি মনিরুজ্জামান মিলন, মেহেদী হাসান এবং ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন জুয়ার অ্যাপ এবং অনলাইন ক্যাসিনোর বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক তরুণ এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট ও সামাজিক অপরাধ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।
এদিকে একই অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সুমন আলী মোল্লা (২৬), সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মিজানুর ইসলাম এবং চার্জার অটোগাড়ি চুরির মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা যুবসমাজকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”