June 8, 2026, 7:47 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

মজুরি বৃদ্ধির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। রোববার দুপুরে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতি হাজার বিড়ি তৈরির বিপরীতে তারা মাত্র ৬১ টাকা মজুরি পাচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তারা মজুরি ৮১ টাকায় উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, একাধিকবার দাবি জানানো হলেও আশানুরূপ সাড়া না পাওয়ায় তারা কর্মবিরতি দিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
অবরোধের ফলে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, মজুরি-সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে আকিজ বিড়ি ফ্যাক্টরির কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলে তারা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।



ফেসবুক কর্নার