
নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিকান জমি নিয়ে আব্দুল হামিদের সঙ্গে প্রতিবেশী হায়দার আলী শাহের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে হালচাষকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনায় আব্দুল হামিদ গুরুতর আহত হন।
স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তিনি আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত আছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।