
নওগাঁর মান্দা উপজেলায় মায়ের চোখের আড়ালে বাড়ির পাশের ডোবায় পড়ে রাফিয়া (দেড় বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার দিকে চলে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
পরে গুরুতর অবস্থায় শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শিশুদের প্রতি সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।