
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দাদা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাবা-মায়ের সঙ্গে নিজ গ্রামের বাড়ি সুয়াদিতে দাদার বাড়িতে বেড়াতে যায় অরিন। বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, অরিন অত্যন্ত প্রাণবন্ত, হাসিখুশি ও সবার প্রিয় একটি শিশু ছিল। তার এমন অকাল মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরটি যে শিশুটির জন্য মরণফাঁদ হয়ে দাঁড়াবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।
এদিকে কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মো. আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
পারিবারিক আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।