
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক শহিদুল মাতুব্বর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের কমলাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসংবলিত ব্যানার বহন করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার কমলাপুর গ্রামের নূর হোসেন শেখ মাইকেল ও পলাশ শেখ পরিকল্পিতভাবে ইজিবাইক চালক শহিদুলকে হত্যা করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর জামায়াতের আমির কবির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ৬ জুন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শহিদুল মাতুব্বর। পরবর্তীতে ৯ জুন তার ব্যবহৃত ইজিবাইকটি উপজেলার সিন্দিয়া ঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। ওই সূত্র ধরে ১০ জুন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিবেশী নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও পলাশ শেখকে (৩৪) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহিদুলের মরদেহ উদ্ধার করে। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।