
নাটোরের নলডাঙ্গা পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
রোববার (১৪ জুন) নলডাঙ্গা পৌর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানের সময় এক ভ্রাম্যমাণ ওষুধ বিক্রেতার কাছ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়।
আটক ব্যক্তি হলেন নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার (৪৮)। তিনি দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণভাবে ওষুধ বিক্রি করে আসছিলেন।
অভিযানে জব্দকৃত প্রায় লক্ষাধিক টাকার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুনায়েদ আহমেদ লেলিন বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের বৈধ ও নির্ধারিত মেয়াদের ওষুধ বিক্রির আহ্বান জানাচ্ছি।”
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।