
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৪ জুন ২০২৬) দুপুরে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় পরিচালিত তদারকি অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য, মূল্যতালিকা প্রদর্শন, অনুমোদনহীন শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রীর বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। একই সঙ্গে অযৌক্তিক মুনাফার মাধ্যমে ভোক্তাদের প্রতারণার অভিযোগও খতিয়ে দেখা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারজাত এবং অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে বিশ্ববিদ্যালয় সড়কের মেসার্স ঢাকা স্টোর-কে ১০ হাজার টাকা এবং সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোর-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় সতর্কবার্তা প্রদান করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।