July 12, 2026, 7:29 pm
শিরোনাম :

সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলি, পালিয়ে গেল দুই চোরাকারবারি

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে বাহিনীটি। রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় টহলরত সদস্যরা দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান।

বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহভাজনদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও পালিয়ে যাওয়া ঠেকাতে গুলি ছোড়েন। তবে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির দাবি, গুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার