July 16, 2026, 9:58 pm
শিরোনাম :

মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির নারী কর্মী নিহত

শ্রী রামকৃষ্ণ নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এলজিইডির এক নারী কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা খাতুন উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি ভূরুঙ্গামারী এলজিইডি দপ্তরের জিওবিএম (GOBM) প্রকল্পের আওতায় এলসিএস (LCS) মহিলা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাজ শেষে বিশ্রামের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধামেরহাট বাজার দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক বেলাল হোসেন (২০) গুরুতর আহত হন। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

এদিকে এ মর্মান্তিক দুর্ঘটনায় ভূরুঙ্গামারী এলজিইডি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার