
ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে গৃহকর্তা শাহিনুর ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে একদল ডাকাত বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে শাহিনুর ইসলামের মায়ের কক্ষ থেকে আলমারিতে থাকা প্রায় ৪ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার এবং পরে শাহিনুর ইসলামের কক্ষ থেকে মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
পরিবারের সদস্যরা জানান, মোবাইল ফোন নেওয়ার সময় শাহিনুর ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি এক ডাকাতকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অন্য ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে শনিবার সকালে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা জানান, ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পাশের একটি মুরগির খামারে কর্মরত শাহিন ও মাসুম নামে দুই শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।