October 9, 2026, 5:34 am

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

রেদয়ানুল ইসলাম স্টাফ রিপোর্টার মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩৭৩ বোতল ভারতীয় স্কাপ সিরাপ এবং ৪১ বোতল ভারতীয় মদ।

সোমবার ভোরে মাঠিলা ও যাদবপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী মাঠিলা গ্রামের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭৩ বোতল ভারতীয় স্কাপ সিরাপ ও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

একই সময়ে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী গোপালপুর গ্রামের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান জানান, মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার