October 9, 2026, 2:49 am

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু

সোহরাওয়ার্দী খোকন নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা পাকস্থলী পরিষ্কার (গ্যাস্ট্রিক ল্যাভাজ)সহ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই তিনি মারা যান।
নিহত অষ্টমী রাণী রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের গুয়াগাঁও গ্রামের যগেন রায়ের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য খগেন চন্দ্র রায় জানান, প্রায় দুই বছর আগে চাচাতো বোনের জামাই সম্পর্কে দুলাল চন্দ্র রায়ের সঙ্গে অষ্টমীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের অমতে তারা বিয়ে করে ঢাকায় বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার অষ্টমী রাণী বাবার বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানান, তার স্বামী যৌতুক হিসেবে টাকা দাবি করছেন এবং টাকা না দিলে তাকে সংসারে রাখবেন না বলে চাপ দিচ্ছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের অভিযোগ, এর জের ধরেই সোমবার গভীর রাতে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার