ঠাকুরগাঁওয়ে হঠাৎ জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংগ্রহে ভিড় করেছেন মোটরসাইকেল আরোহী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পেট্রোল ও ডিজেল সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। হঠাৎ তেল সংকটের গুজবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় পাম্পগুলোতে উপচে পড়া ভিড় দেখা দেয়। দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি নিতে গিয়ে অনেক গ্রাহক ক্ষোভও প্রকাশ করেন।
তবে জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং জেলায় কোনো ধরনের জ্বালানি সংকট নেই। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসন সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।