
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) জেলা প্রশাসন ও পঞ্চগড় বন বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, করতোয়া, মহানন্দা ও তালমাসহ দেশের নদীগুলো রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পাশাপাশি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, সহকারী বন সংরক্ষক তানভির ইসলাম নাহিদ, রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।