
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার অব্যবস্থাপনায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা এবং দীর্ঘ সময় সিএনজি দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দৃশ্যমান তৎপরতা খুবই সীমিত। ফলে প্রতিদিনই যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীর মতে, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা, ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে সংস্কার এবং নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে যানজট অনেকাংশে কমে আসবে। অন্যথায় প্রতিদিনের এ ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।