বাসে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ, গ্রেপ্তারের দাবি
জাফর আহমেদ, কুড়িগ্রাম
Update Time :
Saturday, July 25, 2026
/
24 Time View
/
Share
কুড়িগ্রামে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক, সুপারভাইজার ও হেলপারকে মারধরের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বাস শ্রমিকরা। শুক্রবার রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা জেলা শহরের ঘোষপাড়া-শাপলা চত্বর এলাকায় একাধিক বাস আড়াআড়িভাবে রেখে তারা এ কর্মসূচি পালন করেন। এতে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে শ্রমিকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রমিকদের অভিযোগ, ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী মা নাদিয়া পরিবহনের একটি বাস কুড়িগ্রাম শহরে প্রবেশের সময় ধরলা সেতু এলাকায় কয়েকজন যুবক বাসটি থামানোর চেষ্টা করে। চালক যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসটি না থামালে টোল প্লাজা এলাকায় বাসে ঢিল ছুড়ে ভাঙচুর করা হয়। পরে রিভার ভিউ মোড় ও জেলা শিল্পকলা একাডেমির সামনে বাসটি থামিয়ে চালক, সুপারভাইজার ও হেলপারের ওপর হামলা চালানো হয়। এতে তিনজন গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ও বাস মালিকদের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে রাত ১১টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সচেতন মহল সড়কে যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।