সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ফল প্রকাশের দীর্ঘ অপেক্ষার শেষে নিয়োগ কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়ায় প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে রায়গঞ্জ উপজেলায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে কর্তৃপক্ষ জানায়, দুপুর ২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ না করে বারবার মাইকিং করে প্রার্থীদের আরও কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ জানানো হয়। প্রতিবারই বলা হয়, আর একটু ধৈর্য ধরুন, কয়েক মিনিটের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা অতিরিক্ত অপেক্ষার পর বিকেল পৌনে ৬টার দিকে (৫:৪৫ মিনিট) কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, সরকারি নির্দেশনার কারণে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ ঘোষণার পর উপস্থিত প্রার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়।
ঘুড়কা ইউনিয়নের পরীক্ষার্থী নাতাশা কুণ্ডু বলেন, এত সাধারণ একটি নিয়োগ পরীক্ষায় যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমাদের মনোবল ভেঙে যায়। আমার তো মনে হচ্ছে, ভবিষ্যতে আর এসব নিয়োগ পরীক্ষায় অংশ নেব না।
নলকা ইউনিয়নের শাহরিয়ার, আলহাজ্ব উদ্দিন, তাসলিমাসহ একাধিক প্রার্থী বলেন, যদি নিয়োগ স্থগিতই করা হতো, তাহলে আগে থেকেই জানানো যেত। আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করানোর কোনো যৌক্তিকতা নেই। কেউ কেউ এ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ও সন্দেহের কথাও প্রকাশ করেন।
পাঙ্গাশী ইউনিয়নের সাকিবুল হাসান, ধানগড়া ইউনিয়নের সালমা খাতুনসহ আরও অনেক প্রার্থী দীর্ঘ সময় অপেক্ষা করানোর ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে স্থগিতাদেশের বিস্তারিত কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো অতিরিক্ত তথ্য জানানো হয়নি।