July 25, 2026, 9:37 pm

ইমামের মোটরসাইকেল ছিনতাই, স্মার্টফোন ফেলে পালাল ছিনতাইকারী

মাসুম বিল্লাল স্টাফ রিপোর্টার মনিরাপুর যশোর

যশোরের মণিরামপুরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে আমান উল্লাহ (৫৮) নামে এক মসজিদের ইমামের ওপর হামলা চালিয়ে তার ১২৫ সিসির মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে পালানোর সময় ছিনতাইকারীদের একজনের ব্যবহৃত একটি স্মার্টফোন ও হামলায় ব্যবহৃত দুটি জিআই পাইপ ঘটনাস্থলে ফেলে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আহত ইমাম উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী বাজার মসজিদের ইমাম আমান উল্লাহর স্ত্রী সেলিনা খাতুন মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে ফজরের আজানের পর আমান উল্লাহ বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হন। খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সড়কে পাঠখড়ির বোঝা ফেলে তার পথরোধ করে। তিনি মোটরসাইকেল থামালে পেছন থেকে এক দুর্বৃত্ত তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে একটি রেডমি স্মার্টফোন ও হামলায় ব্যবহৃত দুটি জিআই পাইপ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত আমান উল্লাহকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার হওয়া স্মার্টফোন ও জিআই পাইপ জব্দ করে। আহত ইমামকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



ফেসবুক কর্নার