August 4, 2026, 6:12 am

ঐতিহ্যবাহী নৌকা বাইচে জনসমুদ্র, চ্যাম্পিয়ন আকিলশাহ তরী

ইমরান হোসেন দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি

গ্রাম বাংলার শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচকে ঘিরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বাদাউড়া নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মোট ১৮টি নৌকা অংশ নেয়। সকাল থেকেই নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর ঢল নামে। বৈঠার তালে মাঝিদের প্রাণপণ লড়াই, ঢোলের শব্দ ও দর্শকদের উল্লাসে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।
হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে আকিলশাহ তরী প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থানও আকিলশাহ তরী এবং তৃতীয় স্থান লাভ করে ঈশানের তরী। এছাড়া আইয়ুবশাহ তরী, ডালিয়া তরী, জল পবন, মনোর তরী (মৌলভীবাজার), পঙ্খিরাজ, সোনার তরী, আব্দুল কাদেরের নৌকাসহ মোট ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল প্রদান করেন লন্ডনপ্রবাসী আলিফ মিয়া। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দুটি রেফ্রিজারেটর প্রদান করেন যথাক্রমে লন্ডনপ্রবাসী জিলু মিয়া ও নাহার মিয়া। চতুর্থ পুরস্কার হিসেবে একটি খাসি প্রদান করেন লন্ডনপ্রবাসী সায়েক আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা সিলেট বিভাগ গাছ গলই ঐক্য পরিষদের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে সোহেল আমিন, সেলিম মিয়া ও সুজন মিয়া জানান, হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার