
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে নারকেল গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার, ২৯ জুলাই ২০২৬ সকালের দিকে উপজেলার দাড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিরামপুর ইউনিয়নের পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা মিয়া (৩৫) এবং একই ইউনিয়নের দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পেশায় গাছ কাটা শ্রমিক মওলা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইউক্যালিপটাসসহ বিভিন্ন গাছের ডাল কাটার কাজ করতেন। বুধবার সকালে দাড়াপাড়া এলাকার একটি নারকেল গাছ কাটার সময় গাছটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এতে তার ছিঁড়ে যায়।
পরে তারের উপর থেকে গাছটি সরানোর সময় মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মওলার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আকতার হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।