
সাপ্তাহিক ছুটির দিনে টাঙ্গাইলের সখিপুর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাসুলিয়া (চাপড়াবিল)-এ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (৩১ জুলাই) বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সখিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন।
দর্শনার্থীদের অতিরিক্ত উপস্থিতির কারণে সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে নৌকার মাঝি ও ভ্রমণকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। মাঝিদের নৌকার ধারণক্ষমতার বেশি যাত্রী বহন না করা, অতিরিক্ত আয়ের আশায় ঝুঁকিপূর্ণভাবে নৌকা না চালানো এবং যাত্রার আগে নৌকার সার্বিক অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে দর্শনার্থীদেরও ধারণক্ষমতার বেশি যাত্রী থাকা নৌকায় না ওঠা, নৌকায় লাফালাফি বা ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসন ও সচেতন মহল জানিয়েছে, বাসুলিয়া চাপড়াবিলের প্রাকৃতিক সৌন্দর্য সবাই যেন নিরাপদে উপভোগ করতে পারেন, সে জন্য সকলের দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।