August 1, 2026, 10:44 pm

সুনামগঞ্জে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

জালাল হোসেন

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

নিখোঁজরা হলেন— ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মইয়ার হাওরের বালুচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন তারা। রাত প্রায় ৩টার দিকে বৈঠাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত ছিল।



ফেসবুক কর্নার