August 24, 2026, 1:42 am
শিরোনাম :

একই পরিবারের চার মরদেহ উদ্ধার, ডাকাতির সন্দেহে আটক ৩

অভয়নগর প্রতিবেদক

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক আলামত দেখে পুলিশের ধারণা, ডাকাতির সময় তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)। পরিবারের সদস্যদের কয়েক দিন ধরে মোবাইল ফোনে পাওয়া না যাওয়ায় শনিবার রাতে গণপতি চক্রবর্তীর শ্যালিকা তাঁদের বাড়িতে যান। বাড়িটি তালাবদ্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে ভেতরে ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুলিশ জানায়, দুইতলা বাড়ির ছাদ থেকে গণপতি চক্রবর্তীর মরদেহ, সিঁড়িতে তাঁর স্ত্রী ও মেয়ের মরদেহ এবং ঘরের খাটের নিচ থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তী অবসর নেওয়ার পর নিজ বাড়িতে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার