
মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুই দিন পর সুরুজ মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা গ্রামে প্রতিবেশীর বাগানের একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাতে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে তাঁর ছেলে নয়ন মিয়া (২২) বাবাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় ঘরটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল।
পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। পরে ২৩ নভেম্বর সকাল ৯টার দিকে বাবার সন্ধান চেয়ে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন নয়ন। অভিযোগের প্রায় দুই ঘণ্টা পর প্রতিবেশী নুরুল মাস্টারের স্ত্রী বাগানে কাজ করতে গিয়ে আমগাছে সুরুজ মিয়ার মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তাঁর এক ভাইও একই ধরনের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।