
খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন আনুমানিক ১১ কেজি। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী ক্লোজার এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। অজগরটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে বন বিভাগের সদস্য ও উদ্ধারকারী দলের সহায়তায় সেটিকে নিরাপদে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন শাকবড়িয়া বন টহল ফাঁড়ি সংলগ্ন পাথরখালী ক্লোজার এলাকার আফজাল সানার বাগানে অজগরটি দেখতে পান স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে শাকবড়িয়া বন টহল ফাঁড়ির সদস্য ও ভিটিআরটির উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন। শাকবড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, সংরক্ষিত সুন্দরবন থেকে অজগরটি লোকালয়ে চলে আসার খবর পেয়ে বন বিভাগের সদস্য ও ভিটিআরটির উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে সাপটি জীবিত উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সুন্দরবন সংলগ্ন কয়রার বিভিন্ন লোকালয়ে এর আগেও অজগরসহ বন্যপ্রাণী চলে আসার ঘটনা ঘটেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, জোয়ারের পানি বৃদ্ধি, বৃষ্টিপাত কিংবা খাবারের সন্ধানে কখনো কখনো বন্যপ্রাণী লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, লোকালয়ে অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত বা হত্যা না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, লোকালয় থেকে উদ্ধার করা অজগরটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। তিনি বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর আহ্বান জানান।