August 25, 2026, 6:25 am

খবর সংগ্রহে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

জহির রায়হান, স্টাফ রিপোর্টার, পিরোজপুর

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আরাফাতুর রহমানের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, সেখানে অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন শিক্ষক আরাফাতুর রহমান। সরকারি নীতিমালা অনুযায়ী নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর সুযোগ না থাকলেও তিনি নিয়মিত কোচিং করাচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা সেখানে যান।
সাংবাদিকদের অভিযোগ, কোচিং কার্যক্রমের ভিডিও ধারণের সময় শিক্ষক আরাফাতুর রহমান বাধা দেন। একপর্যায়ে স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদকে কলার ধরে কক্ষের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তাকে উদ্ধারের জন্য চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত ও চ্যানেল এস-এর প্রতিনিধি জিয়াউল হক এগিয়ে গেলে আরাফাতুর রহমান স্টিলের স্কেল দিয়ে জিয়াউল হকের ডান হাতের কবজিতে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার হাত রক্তাক্ত হয় এবং শাফিউল মিল্লাতকেও ধাক্কা দেওয়া হয় বলে দাবি করেন সাংবাদিকরা। পরে আহত তিন সাংবাদিক পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনায় শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষক বাবর তালুকদার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের কোচিং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার