
কুষ্টিয়ায় স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের কয়েকজন নেতার সঙ্গে সংসদ সদস্য আমির হামজার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ‘রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি’ হয়েছে—এমন গুঞ্জন উঠেছে। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, সৌজন্য সাক্ষাতের ওই ছবিকে কেন্দ্র করে ছড়ানো এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই। সম্প্রতি ফেসবুকে ছবিটি পোস্ট করে অনেকে দাবি করেন, আমির হামজার সঙ্গে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাদের চলমান বিরোধ, পাল্টাপাল্টি মামলা ও উত্তেজনার অবসান হয়েছে। তবে সরেজমিন অনুসন্ধান ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন কোনো আনুষ্ঠানিক সমঝোতার তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে স্থানীয় বিএনপি ও গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল জনপ্রতিনিধি হিসেবে আমির হামজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যায়। এ সময় তারা তাঁর সঙ্গে ছবি তোলেন। সাক্ষাতের একপর্যায়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে চলমান বিরোধ ও পাল্টাপাল্টি মামলার বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে। তবে আমির হামজা তাদের জানান, বিষয়টি তাঁর ব্যক্তিগত কোনো ইস্যু নয়; এটি রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বিষয়ে তাঁর এককভাবে সমঝোতা করার এখতিয়ার নেই এবং বিষয়টি কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃত্ব গুরুত্বের সঙ্গে দেখভাল করছে।
সূত্র আরও জানায়, চলমান বিরোধ নিষ্পত্তি বা আপসের বিষয়ে কোনো আলোচনা করতে হলে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে হবে। একই সঙ্গে বিষয়টি দলীয় নীতি ও সাংগঠনিক কাঠামোর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় কেন্দ্রীয় সংগঠনকেও অবহিত করার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে একটি সৌজন্য সাক্ষাতের ছবি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের ভিত্তিতে বিএনপি, গণ অধিকার পরিষদ ও জামায়াতের মধ্যকার রাজনৈতিক বিরোধের মীমাংসা হয়েছে—এমন দাবি সংশ্লিষ্ট সূত্রের মতে ভিত্তিহীন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।